পাহাড় নিয়ে আজ বড় বৈঠক অমিত শাহের, সীমান্তে নজরদারি, ‘চিকেনস নেক’-এর পাশাপাশি ‘ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড’ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা

সীমান্তে কাঁটাতারের জন্য জমি দেওয়া নিয়ে শুক্রবার পূর্বতন তৃণমূল সরকারের সঙ্গে কেন্দ্রের টানাপড়েনের প্রসঙ্গ তোলেন অমিত শাহ। ফোন করলেই রাজ্য সরকারের অনুমতি পাওয়া যায় বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসাও করেন শাহ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতায় ফিরবেন। তার পর তিনি রাজনাথের সঙ্গে শিপিং কর্পোরেশনের কার্যালয়ে একটি কর্মসূচিতে যোগ দেবেন।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: পাহাড় নিয়ে আজ বড় বৈঠক অমিত শাহের। থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আজ, শনিবার সকালে শিলিগুড়ির একটি পাঁচতারা হোটেলে পরপর দুটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
প্রথম বৈঠকে মূল আলোচ্য শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা। সীমান্ত নজরদারি, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় এবং নতুন ‘ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড’ নিয়ে আলোচনা হতে পারে। এই বৈঠকে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের পাশাপাশি বিএসএফ, এসএসবির উচ্চ পদস্থ আধিকারিকরা থাকবেন।
দ্বিতীয় বৈঠকের মূল ফোকাস দার্জিলিং পাহাড়ের ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’ বা Permanent Political Solution (PPS)।

পাহাড় সমস্যা সমাধানের রোডম্যাপ কী হবে, তা নিয়েই বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। GTA-র বর্তমান প্রশাসনিক কাঠামো, পাহাড়ের জন্য আরও বেশি প্রশাসনিক ও আর্থিক ক্ষমতার প্রশ্ন এবং দীর্ঘদিনের রাজনৈতিক দাবিগুলি আলোচনায় উঠতে পারে।

পাহাড়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের কাঠামো কী হবে, সেই বিষয়টিও বৈঠকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। গোর্খাদের দীর্ঘদিনের দাবি এবং কেন্দ্রের প্রতিশ্রুত ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’-কে এবার বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাব্য রোডম্যাপের দিকেই নজর রয়েছে।
এর পাশাপাশি পাহাড়ের ১১টি গোর্খা জনগোষ্ঠীর তফসিলি উপজাতি বা ST মর্যাদার দীর্ঘদিনের দাবিও আলোচনায় উঠতে পারে। এদিনের বৈঠকে থাকবেন অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত, গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং ও রোশন গিরি। পাহাড়ের রাজনৈতিক প্রতিনিধিদের বক্তব্য সরাসরি শুনবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী—PPS-এর সম্ভাব্য কাঠামো নিয়ে হতে পারে মতবিনিময়।

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পাহাড় সমস্যার রাজনৈতিক সমাধানের প্রক্রিয়াকে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দুটি বৈঠক শেষ করে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে আনুমানিক বিকেল ৩টে নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *